বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, একসময় দেশের ছাত্রসমাজের কাছে একটি ছাত্র সংগঠন ‘হেলমেট বাহিনী’ হিসেবে পরিচিত ছিল। তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে রাজনীতি করেছে, ছাত্রদের কল্যাণে কোনো কাজ করেনি। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূর্ণ ভিন্ন—সাধারণ শিক্ষার্থীদের নিয়েই ছাত্রদল রাজনীতি করে। এখানে হেলমেট বাহিনীর মতো রাজনীতি করার কোনো সুযোগ নেই, কারণ ছাত্রদলের অভিভাবক তারেক রহমান সবসময় ছাত্রদলকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানী বলেন, “জুলাই আন্দোলনে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ ছিলো। অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, শহীদ হয়েছে ১৪৮ জন। শুধু জুলাই আন্দোলন নয়—ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল।”
তিনি আরও বলেন, ৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রদল ছিল ও আছে। যদিও কিছু ক্যাম্পাসে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে, তা দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও দমন-পীড়নের ফল। তবে এখন ছাত্রদলের কর্মকাণ্ড ছাত্রবান্ধব, এবং আগামী দিনে ক্যাম্পাসগুলোতে একক ম্যান্ডেট পাবে ছাত্রদল।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে এ্যানী বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে, তাদের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মনমানসিকতা বুঝে রাজনীতি করতে হবে। ছাত্রদলের অতীত কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে।”
তিনি আরও আহ্বান জানান, তারেক রহমানের ছাত্ররাজনীতি বিষয়ে আগামীর ভাবনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং ‘হেলমেট বাহিনীর স্টাইলে নয়, শিক্ষার্থীবান্ধব নতুন কৌশলে’ রাজনীতি করার জন্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রিকু পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূইয়াসহ আরও অনেকে।

