খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (৩ মে) দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনসহ উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
জামায়াতের অভিযোগ, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আল-আমিনের নেতৃত্বে ৮-১০ জন যুবক জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়।
অন্যদিকে বিএনপির দাবি, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। এতে জামায়াতের দুজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।
এদিকে আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















