ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে ঘোষিত এই তালিকায় জায়গা হয়নি দলটির দুই হেভিওয়েট নেতা হাবিব-উন-নবী খান সোহেল ও মোয়াজ্জেম হোসেন আলালের।
ঢাকা-১২ আসনে সাবেক যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের পরিবর্তে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে। অন্যদিকে বরিশাল-২ আসনে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালের জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু।
এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংসদ সদস্য রুমিন ফারহানাসহ বিএনপির আরও বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আসেনি ঘোষিত তালিকায়।
তবে দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগে এই তালিকায় আরও সংযোজন-বিয়োজন হতে পারে।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

