গামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে। যদিও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র বিতর্ক, তবুও বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোরেশোরেই।
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে এখন পর্যন্ত পাঁচটি গোপন জরিপ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এসব জরিপ পরিচালিত হয়েছে।
দলের সাংগঠনিক প্রক্রিয়া মেনে জরিপে প্রতিটি আসনে দায়িত্বশীল নেতাদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর নাম সংগ্রহ করা হয়। পরে আরেক ধাপে যাচাই করা হয়, কোন প্রার্থীর জনসমর্থন কতটা শক্তিশালী। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের ভোট প্রবণতা, ভোটারদের মনোভাব ও মাঠপর্যায়ের পরিসংখ্যানও সংগ্রহ করা হয়েছে।
জরিপগুলোর মধ্যে দুটি বেসরকারি সংস্থার মাধ্যমে, দুটি দলের সাংগঠনিক টিমের মাধ্যমে এবং একটি বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে পরিচালিত হয়েছে। সব জরিপের তথ্য একত্র করে তারেক রহমানের নির্দেশে ‘সিলগালা’ করে সংরক্ষণ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা এখন তারেক রহমানের হাতে রয়েছে। খুব শিগগিরই দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ডেস্ক রিপোর্ট 



















