আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশিত তালিকায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নয়জন নারী প্রার্থী রয়েছেন। মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।

এ ছাড়া নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম এবং সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদী লুনা।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। আজ ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার দলের প্রার্থী থাকবে, সেসব আসনে আমরা সমন্বিতভাবে প্রার্থী নির্ধারণ করব।”