আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে প্রার্থী ঘোষণার পরপরই এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে দলীয়ভাবে উক্ত আসনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।

তালিকা অনুযায়ী, মাদারীপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন জনাব কামাল জামান মোল্লা। তিনি ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই পরিবারের আরেক সদস্য, তার ভাই লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দলীয় সমর্থিত চেয়ারম্যান ছিলেন।

গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তালিকায় মাদারীপুর-০১ আসনে কামাল জামান মোল্লার নাম অন্তর্ভুক্ত করা হয়।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই শিবচরে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা সড়ক অবরোধ করে স্থানীয় নেতাকে প্রার্থী করার দাবি জানান এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। উত্তেজনা বাড়লে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে দলীয় দফতর থেকে জানানো হয়, “অনিবার্য কারণে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।”
বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন,

“মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন এবং উক্ত প্রার্থীর নাম অনিবার্য কারণে স্থগিত রাখা হলো। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, উচ্চপর্যায়ের পর্যালোচনার পর খুব শিগগিরই এ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।