চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে সরোয়ার বাবলাসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে গুলি চালায়। গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, “এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ তিনজন আহত হয়েছেন। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে।”
এ ঘটনায় জামায়াত–শিবিরকে দায়ী করেছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, “নির্বাচনী প্রচারণাকালে জামায়াত-শিবিরের লোকজন এরশাদ ভাইকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। সরোয়ার বাবলা ঘটনাস্থলেই মারা গেছেন বলে শুনেছি, তবে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।”
গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

