চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আয়োজিত ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিশাল সমাবেশে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও সাবেক বিএনপি নেতা একরামুল হক।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দুপুর তিনটার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন একরামুল হক। পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “সমাবেশ চলাকালে বিএনপির এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”