চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিতে আহত সরোয়ার মারা গেছেন।”
এর আগে বিকেলে নগরের হামজারবাগ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ, সরোয়ার বাবলা ও শান্ত নামের তিনজন গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা মামলাসহ প্রায় ১৫টি মামলা রয়েছে। তবে বিএনপি দাবি করেছে, সরোয়ার তাদের কেউ নন—গণসংযোগে শত শত সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন।
পুলিশ সূত্রের ভাষ্য, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে বিরোধের জেরে সরোয়ারকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

