প্রবাসী এক ব্যক্তিকে থানার ওসি কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবি: কালবেলা
কুষ্টিয়ার খোকসায় সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আলোচিত ওই প্রবাসী স্থানীয় এক পৌর মেয়র প্রার্থীর ছোট ভাই এবং তার বিরুদ্ধে মানবপাচার ও প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খোকসা উপজেলার খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি ভাড়া করা হেলিকপ্টার অবতরণ করে। সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর দ্রুত নিজ এলাকায় ফিরতে ওই বিশেষ হেলিকপ্টারে খোকসায় আসেন প্রবাসী নাসির উদ্দিন শেখ।
তিনি খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।
হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিদ্যালয় মাঠে শত শত মানুষ ভিড় জমান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন হেলিকপ্টার থেকে নামা ওই প্রবাসীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
স্থানীয়রা আরও জানায়, নাসির উদ্দিন শেখ একজন বিতর্কিত আদম ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন একজন ব্যক্তির সঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ফুলেল অভ্যর্থনা সম্পূর্ণ স্বজনপ্রীতি ও সরকারি চাকরি বিধিমালার পরিপন্থি।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মুঠোফোনে জানান, এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না, দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিয়েছে। আমরা কেবল নিরাপত্তার দায়িত্বে গিয়েছিলাম। এই কথা বলেই তিনি ফোন কেটে দেন।
অন্যদিকে, মেয়র প্রার্থী রবিন রায়হান জসিম দাবি করেছেন, ওসি কাউকে ফুল দেননি। কাঁদার মধ্যে ফুল পড়ে যাচ্ছিল, সেটা উনি ধরাধরি করে দিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তীতে জানানো হবে।

ডেস্ক রিপোর্ট 



















