বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব সমাজ জাতির অমূল্য সম্পদ। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। অদম্য ও দুঃসাহসী এই যুবশক্তিকে কাজে লাগিয়ে তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ ও ৩ আসনের ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছিল সিলেট জেলা জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। দুঃশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারা কোনো বাধা মানবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যেসব মানুষ প্রাণ দিয়েছেন, তাদের রক্তের যথাযথ মূল্য দিতে হবে এবং শহীদদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে।

জুলাই সনদকে আইনি ভিত্তিহীন উল্লেখ করে জামায়াত আমির বলেন, “আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই। এজন্যই দেশের অধিকাংশ রাজনৈতিক দল গণভোটের দাবিতে ঐক্যবদ্ধ।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও জেলা শূরা সদস্য সাইফুল্লাহ আল-হোসাইন। এতে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে প্রার্থী মো. জয়নাল আবেদীন, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে প্রার্থী মাওলানা লোকমান আহমদ এবং জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ।