অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া। তিনি জানান, “এরই মধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।”
তবে এখনো বিএনপির পক্ষ থেকে হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগদান করেন রেজা কিবরিয়া এবং সেখানে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার অভিজ্ঞতাও রয়েছে তার।

ডেস্ক রিপোর্ট 





















