আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “আমি এতদিনে এটুকু বুঝেছি— মানুষের সেবা করাটাই বড় রাজনীতি। আর আমি শহীদ জিয়ার দল বিএনপির রাজনীতি করি, যেই দল জনগণের কথা বোঝে ও শুনে। তাই বিএনপি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
লায়ন হারুনুর রশিদ বলেন, “এক ব্যাগ রক্তের বিনিময়ে একটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একজন সুস্থ ব্যক্তি যেহেতু নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন, তাই প্রতিটি মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে আসার আগে আমি লায়নস ক্লাবের গর্ভনর হিসেবে দায়িত্ব পালন করেছি। তখন এক বছরে আড়াই হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছিলাম এবং কয়েকশ মানুষের চোখের অপারেশন করিয়ে তাদের নতুন দৃষ্টি ফেরানোর চেষ্টা করেছি। রাজনীতিতে আসার পরও দেখেছি, একই কাজ— মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখে সঙ্গী হওয়া, প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।”
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠক শামীম হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, পৌর যুবদলের শাওন পাঠান, লায়ন হারুনের বড় ছেলে সাদমান অপূর্ব এবং তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন সর্দার প্রমুখ।

