জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে চলমান মারামারি-হানাহানি ও রাজনৈতিক সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন খেলাফত আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিশে আমেলার সভায় এ আহবান জানানো হয়।

দলের আমির মাওলানা আবু জাফর কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে যে বিরোধ ও সংঘাত শুরু হয়েছে, তা দেশ ও জাতির জন্য অশুভ সংকেত।

সভায় বলা হয়, বিশেষ করে চট্টগ্রামে একটি রাজনৈতিক দলের প্রার্থীর গণসংযোগে মিছিলে গোলাগুলির ঘটনায় প্রার্থীসহ কয়েকজন আহত ও নিহত হয়েছেন— যা গোলোযোগ ও হানাহানির আশঙ্কা আরও বাড়িয়েছে। নির্বাচনের আগে মনোনয়ন নিয়েই যদি বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে ভোটের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

নেতারা সতর্ক করে বলেন, সরকারের পক্ষ থেকে এখনই কঠোর পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হবে এবং দেশের গণতন্ত্র গভীর সংকটে পড়বে।

সভায় আরও বলা হয়, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের তলপিবাহকরা এখন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছে এবং মনোনয়ন নিচ্ছে— যা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও জুলাই-আগস্ট বিপ্লবীদের জন্য সতর্ক সংকেত।

সভায় দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজম খান, মাওলানা আব্দুল কাদের কাশেমী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুফতি ফখরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আকন্দ, আলী মাকসুদ খান মামুন, ডা. মুহাম্মদ খালেদ হোসাইন, মাওলানা নিয়ামত উল্লাহ খান জাফরী ও মুফতি কামালউদ্দিন আহমেদ প্রমুখ।