ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদের মধ্যে খুনাখুনি শুরু করেছে। তিনি আরও বলেন, “যারা নিজেদের লোককে হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।”
বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকার ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।
মুফতি ফয়জুল করীম বলেন, অতীতে দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান ও শেখ মুজিবুর রহমানের গুণকীর্তনের কারণে সাধারণ মানুষ তাদের পরিবারের নেত্রীদের ক্ষমতায় এনেছিল, কিন্তু তারা দেশের মানুষকে সঠিকভাবে সেবা দিতে পারেনি।
তিনি অভিযোগ করে বলেন, দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন করেছে। শুধু ১৯৯১ থেকে ১৯৯৫ সালের মধ্যে বিএনপি তিনবার বিশ্বে দুর্নীতিতে শীর্ষে ছিল। মুফতি ফয়জুল করীম বলেন, “সব দলকে পরীক্ষা করা হয়েছে, শুধু ইসলামকে পরীক্ষা করা হয়নি। ইসলামি আন্দোলন বাংলাদেশকে একবার পরীক্ষা করে দেখুন।”
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

