ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখন শেষ আটে। শনিবার (১১ জুলাই) মায়ামিতে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলতে নামবে টমাস টুখেলের দল। তবে ম্যাচের আগে শৃঙ্খলাজনিত (ডিসিপ্লিনারি) দুশ্চিন্তায় পড়েছেন ইংল্যান্ড কোচ। কারণ, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার আর মাত্র একটি হলুদ কার্ড দেখলেই সম্ভাব্য সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হয়ে যাবেন।
মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের জয়ের মাধ্যমে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে সেই ম্যাচের পরই বাড়ে টুখেলের চিন্তা। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট চালু হওয়ায় ফিফা হলুদ কার্ডের জন্য নতুন নিয়ম করেছে। গ্রুপ পর্ব শেষে সব হলুদ কার্ড মুছে ফেলা হয়েছে এবং কোয়ার্টার-ফাইনালের পর আবারও তা বাতিল হয়ে যাবে। তবে শেষ ৩২ ও শেষ ১৬ থেকে পাওয়া হলুদ কার্ড কোয়ার্টার-ফাইনালের জন্য বহাল থাকবে। ফলে এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলেই সংশ্লিষ্ট খেলোয়াড়কে সেমিফাইনাল মিস করতে হবে।
ডেকলান রাইস মেক্সিকোর বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই হলুদ কার্ড দেখেন। যদিও গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে পাওয়া আগের হলুদ কার্ড বাতিল হয়ে যাওয়ায় তিনি নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন। তবে এই ম্যাচে আবার হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।
একই পরিস্থিতিতে রয়েছেন জুড বেলিংহ্যাম। শেষ ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের জয়ে তিনি হলুদ কার্ড দেখেছিলেন। নরওয়ের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাকে মাঠের বাইরে থাকতে হবে।
এছাড়া ম্যানচেস্টার সিটির দুই ডিফেন্ডার মার্ক গেহি ও নিকো ও’রাইলিও একই ঝুঁকিতে রয়েছেন। ফলে টুখেলের দল নির্বাচন আরও কঠিন হয়ে উঠেছে।
মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাহ নিশ্চিতভাবেই নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না। অন্যদিকে অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও দলে নেই। মেক্সিকো ম্যাচে সাইডলাইন থেকে প্রতিবাদ করায় তিনিও হলুদ কার্ড দেখেছিলেন। তবে তার না খেলার মূল কারণ গুরুতর কবজির চোট। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর উদযাপনের সময় দুর্ঘটনায় তিনি আহত হন। চিকিৎসার জন্য দলের সঙ্গে কানসাস সিটিতে না গিয়ে মেক্সিকো সিটিতেই অবস্থান করছেন। ফলে মিডফিল্ডে একজন অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে।
টুর্নামেন্টে রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। বিশেষ করে ডেকলান রাইসের দ্রুত হলুদ কার্ড পাওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। টুখেল বলেন, ‘আমরা শুধু সিদ্ধান্তে ধারাবাহিকতা চাই। ম্যাচের প্রথম মিনিটে ডেকলান রাইস যে হলুদ কার্ড পেয়েছে, আমার মতে সেটি হলুদ কার্ড হওয়ার মতো ছিল না। তাহলে কি সেই কার্ড প্রত্যাহার করা হবে? ফ্রান্সের মাইকেল ওলিসে যে অযৌক্তিক হলুদ কার্ড পেয়েছিল, সেটিও কি বাতিল করা হবে?’

ডেস্ক রিপোর্ট 


















