জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে দেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তার রিহার্সেল এখন হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে।
শুক্রবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঢাবি, জাবি, রাবি ও চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমি ও দেশবাসী তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই। অনেকেই জানতে চান, আগামী বাংলাদেশ কেমন হবে? আমি বলি, ছাত্র সংসদে নির্বাচিতদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলো যেমন হবে, আগামীর বাংলাদেশও তেমনই হবে।”
ছাত্র সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, “তোমরা নতুন নেতৃত্বে ক্যাম্পাসে পরিবর্তন আনবে, আর সেই নেতৃত্বেই জাতির ভবিষ্যৎ গড়ে উঠবে। তোমাদের মেধা ও নৈতিক শক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পুনর্গঠন করতে হবে। বিশ্ববিদ্যালয় গবেষণার কেন্দ্র, কিন্তু বর্তমানে সেই পরিবেশ অনুপস্থিত। তাই গবেষণার অনুকূল পরিবেশ তৈরি করাই তোমাদের অন্যতম দায়িত্ব।”
তিনি আরও বলেন, “ছাত্র সংসদগুলোকে শতভাগ সফল হতে হবে। ক্যাম্পাসে যে ভাটা সৃষ্টি হয়েছে, সেখানে আবার জোয়ার আনতে হবে। তোমরাই ভবিষ্যতের নেতৃত্ব; তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা পেছন থেকে পরামর্শ দেব। ভুল করলে সতর্ক করব, সংশোধন না হলে সরিয়ে দেব।”
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সঞ্চালনা করেন। এতে ঢাবি, জাবি, রাবি ও চবি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও শিবিরের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

