আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও চাঁদপুর জেলা সেক্রেটারি মো. শাহজাহান মিয়া শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেছেন।

তিনি চরভৈরবী, হাইমচর বাজার, জনতা বাজার ও কাটাখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগে অংশ নিয়ে চাঁদপুর সদর-হাইমচর-৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভোটারদের উদ্দেশে বলেন,

“জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাই, আসুন আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিই। যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এদেশে ইসলামের সরকার, কোরআনের সরকার ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,

“সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভোট চাই।”

এ সময় হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি জসিম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।