আধুনিক ফুটবলের রাজা কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই তর্ক বোধহয় আরও অনেকদিন থেকে যাবে। দু’জনকে প্রতিপক্ষ হিসেবে মাঠে খেলতে দেখা গেলেও বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরকে বেশ সম্মান দিয়েই কথা বলতে দেখা গেছে।
তেমনই এক সাক্ষাৎকার একটি গণমাধ্যমকে দু’জন দিয়েছিলেন ২০১৯ সালের ইউসিএল ড্র’তে। যে সাক্ষাৎকারে অবশ্য বেশিরভাগ কথা রোনালদোই বলেছেন। মেসি স্প্যানিশ ভাষায় অল্প কথা বলে অংশ নিয়েছিলেন মাত্র। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ যমুনার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
উপস্থাপক: ক্রিশ্চিয়ানো, আপনি এখনও এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সেই রেকর্ড এখনও আপনারই আছে। ক্লাব এবং দেশের হয়ে আপনার দারুণ একটা বছর কেটেছে, ইতালিতে আপনার প্রথম মৌসুমেই স্কুদেত্তো জিতেছেন, পর্তুগালের হয়ে নেশন্স লিগও জিতেছেন। আপনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ইতালিতে এই প্রথম বছরটা আপনার কেমন কাটলো?
ক্রিশ্চিয়ানো রোনালদো: অসাধারণ। এটি একটি বিশেষ বছর ছিল কারণ আমি রিয়াল মাদ্রিদে ৯ বছর ছিলাম এবং সেখান থেকে ইতালিয়ান লিগে যাওয়াটা একটি বড় সিদ্ধান্ত ছিল। তবে এটি বেশ ভালো ছিল। বছরটি চমৎকার ছিল। আমি তিনটি শিরোপা জিতেছি। সুপার কাপ, সিরি এ, এবং নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স কাপ, যা অসাধারণ।
বছরটা অসাধারণ ছিল এবং আমি খুবই আনন্দিত। আরও এক বছর, আরও একটি রেকর্ড। একদম নিখুঁত।
উপস্থাপক: আপনাদের দুজনকেই (মেসি ও রোনালদো) আমরা বেশ কিছুদিন একসাথে পাইনি। তাই আপনারা যখন দুজনেই এখানে আছেন, আমরা লক্ষ্য করেছি আপনারা অনেক কথা বলছেন। আপনারা কি একে অপরকে মিস করেন?
লিওনেল মেসি: হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম, ওকে স্পেনে পাওয়াটা দারুণ ছিল। আমাদের একটা সুন্দর প্রতিদ্বন্দ্বিতা ছিল, বিশেষ করে ও রিয়াল মাদ্রিদে ছিল বলে। আর এখন ও অন্য একটা বড় দলে আছে এবং আমরা স্পেন থেকে ওকে দেখি।
ক্রিশ্চিয়ানো রোনালদো: বিষয়টা মজার। কারণ আমরা ১৫ বছর ধরে এই মঞ্চটি ভাগ করে নিচ্ছি, আমি এবং সে (মেসি)। ফুটবলে এমনটা কখনও ঘটেছে কি না আমার জানা নেই। একই মঞ্চে সব সময় একই দুজন মানুষ। আপনারা জানেন এটা সহজ নয়। আর অবশ্যই, আমাদের সম্পর্ক ভালো। যদিও আমরা এখনও একসাথে রাতের খাবার খাইনি, তবে আশা করি ভবিষ্যতে খাবো।
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচে মেসি-রোনালদো
আরেকটা কথা, স্পেনে খেলাটা আমি মিস করি। গত ১৫ বছর ধরে আমাদের মধ্যে যে লড়াইটা ছিল, তা দারুণ। সে আমাকে অনুপ্রাণিত করত, আমিও তাকে তাগিদ দিতাম। ফুটবলের এমন ইতিহাসের অংশ হতে পেরে ভালো লাগছে। আমি সেখানে আছি এবং অবশ্যই লিও-ও সেখানে আছে।
উপস্থাপক: সম্প্রতি আপনার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল? আপনি বলেছিলেন যে আপনি আগামী বছর অবসর নিতে পারেন (২০১৯ সালে বলা কথা)। আমার মনে হয় এটা খুব স্পষ্ট যে আপনি এখনই অবসর নিচ্ছেন না, আপনি আরও কিছুদিন খেলবেন। আমরা কি আপনাকে একটা অনুরোধ করতে পারি, যাতে আপনি আর লিও একই সময়ে অবসর নেন?
ক্রিশ্চিয়ানো রোনালদো: ও আমার চেয়ে দুই বছরের ছোট। তাই চালিয়ে যাওয়া উচিত। তবে আমি মনে করি আমার বয়সের তুলনায় আমাকে ভালোই দেখায়। আমি এখনও খারাপ নেই (মজার ছলে)। আমি আশা করি আগামী বছর, দুই বছর পর, এমনকি তিন বছর পরও এখানে থাকবো। তাই যারা আমাকে অপছন্দ করে, তাদের আমাকে এখানেই দেখতে হবে।
উপস্থাপক: নিন্দুকেরা তো খেলারই অংশ, তাই না ক্রিশ্চিয়ানো? আমরা চাই এই প্রতিদ্বন্দ্বিতা যতদিন সম্ভব চলতে থাকুক। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।

ডেস্ক রিপোর্ট 


















