দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চট্টগ্রামে ব্যতিক্রমী সাংগঠনিক সভা করতে যাচ্ছে বিএনপি। রোববার সন্ধ্যায় বন্দরনগরীর একটি হোটেলে প্রথমবারের মতো মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি সন্ধ্যায় হোটেল র‍্যাডিসনে বিএনপির এই সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

সভায় শুধু দলের শীর্ষ নেতারাই নন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও এতে উপস্থিত থাকবেন। থাকবেন ওয়ার্ড পর্যায়ের নেতারাও।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, সভায় ছয় শতাধিক নেতাকর্মীর অংশ নেওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতারা দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। নিজেদের সমস্যা, মতামত ও সাংগঠনিক বিভিন্ন পরামর্শও তুলে ধরতে পারবেন তারা।

দলের এই উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন নেতারা।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, ২০২৪ সালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণ জেলায়ও আহ্বায়ক কমিটি রয়েছে। তবে উত্তর জেলায় এখনো পূর্ণাঙ্গ বা আহ্বায়ক কমিটি গঠন হয়নি। দলীয় প্রধানের উপস্থিতিতে সভায় এসব সাংগঠনিক ইউনিটের কমিটি গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে চট্টগ্রাম সফর করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরে এসে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।