২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিকল্পনা অনুযায়ী, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও অ্যাগ্রিভোল্টাইক প্রযুক্তি থেকে আরও ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে অন্তত ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যও রয়েছে সরকারের। বড় সৌর প্রকল্পে সরকারি অব্যবহৃত জমি ব্যবহার এবং সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০৩০ সালে বিদ্যুতের চাহিদা ২৫ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

