তরুণদের রক্তের ওপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন সেই তরুণদেরই দূরে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, “বাংলাদেশকে অন্ধকূপ থেকে বের করে আনার জন্য ৫৩ বছরের সংগ্রাম রয়েছে। তরুণদের রক্তের ওপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, তবে এখন দেখা যাচ্ছে এই তরুণদেরই দূরে ঠেলে দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনও স্বাধীন ছিল না; নির্বাচন কমিশন, দুদকও পরাধীন। আমাদের শৈশব-কৈশোর কেটেছে ফ্যাসিস্ট আমলে। আমরা স্বপ্ন দেখেছি কীভাবে এই ফ্যাসিস্টদের উৎখাত করা যায়।”
জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, “এক পাওয়ার থেকে আরেক পাওয়ারের কাছে দেশকে হস্তান্তর করা এই গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল না। দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপি ব্যক্তিদের দিয়ে পুরনো রাজনৈতিক দলগুলো চলছে। ঐকমত্য কমিশনে যেভাবে গুণ্ডামি ও মাস্তানি করেছে, তারাই এলাকায় গিয়ে একই কাজ করছে।”

ডেস্ক রিপোর্ট 



















