হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতকে ছাড়া সব ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদীনার ইসলাম পালন করি, তারা মওদুদীর ইসলাম পালন করে।”
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা এবং জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুনগরী বলেন, “অতীতেও বহুবার ঐক্যের আহ্বান জানিয়েছি। কিন্তু দুঃখের বিষয়—এখনও সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। তাই পরামর্শ হলো—ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন না।”
তিনি আরও বলেন, “কঠিন সময় অতিক্রম করছি। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের ওপরও আঘাত আসছে। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য এক অশনি সংকেত।”
বাবুনগরী জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে বলেন, “মওদুদীর গোটা জীবন কেটেছে সাহাবিদের বিতর্কিত করার কাজে। সাহাবিদের সত্যের মাপকাঠি স্বীকার না করলে, কোরান ও হাদিস বিতর্কিত হয়ে যাবে। বিশ্বের শীর্ষ উলামাদের ফতোয়া অনুযায়ী, জামায়াতের ইসলাম মদিনার ইসলামের সঙ্গে মিলেনা।”
তিনি সতর্ক করেন, “মওদুদীর ফেতনা কাদিয়ানিদের চেয়েও ভয়ংকর। কারণ কাদিয়ানিবাদ ইসলামের বাইরের ফেতনা, যা সহজে চেনা যায়। কিন্তু মওদুদীবাদ ইসলামের ঘরের ফেতনা, যার ভয়াবহতা সবাই বুঝতে পারে না।”
সম্মেলনের সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 



















