পরাজয়ের ভয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা করছে বিএনপি— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির মতোই বড় রাজনৈতিক শক্তি আজ জামায়াত। কিন্তু বর্তমান বিএনপি জিয়ার আদর্শ থেকে সরে গেছে।

গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে ডা. তাহের বলেন, “যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারাই ডাকসু নির্বাচনে ভয় পেয়েছিল। জাকসু, চাকসু, রাকসু বন্ধে তারা নানা ষড়যন্ত্র করেছে— দেশবাসী তা দেখেছে। স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় তারা এখন গণভোটের বিরোধিতা করছে।”

তিনি আরও বলেন, “সিপাহি-জনতার বিপ্লব আর ছাত্র-জনতার অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। সেই বিপ্লবের পর জিয়াউর রহমান জাতীয় ঐক্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক।”

ডা. তাহেরের দাবি, জনগণের আস্থা ফিরে পেতে বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শে ফিরে যেতে হবে। তিনি বলেন, “জিয়াউর রহমানের বিএনপি ছিল বড় দল, আজ সেই জায়গা নিয়েছে জামায়াত।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম।