লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬ জন নির্বাচিত ইউপি সদস্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) রাজনীতি ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেছেন।
শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ বিলনায়তনে (পুরাতন) এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নাম লেখান। এর আগে, গত ২০ অক্টোবর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের হলরুমে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। নতুন যোগদানকারীদের প্রত্যেককে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত ছাতা উপহার দেওয়া হয়।
অধ্যক্ষ দুলু বলেন, “আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।”
মতবিনিময় অনুষ্ঠানে নতুন যোগদানকারীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে আওয়ামী লীগের বিগত ১৭ বছরের নীতিহীন কর্মকাণ্ডের সমালোচনা করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাইদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সদর উপজেলার নয়টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 

























