কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশ ও জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের এ আদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এছাড়া বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন জানান, সম্প্রতি সিলেটে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার হন মাহফুজুর রহমান।