এবার ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্প্রতি এক ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। নয়াদিল্লি থেকে আয়োজিত এই বিতর্কিত অনুষ্ঠানের ভার্চ্যুয়াল উপস্থাপক আবু ওবাইদাহ অরিনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলা শহরে। ২৫ বছর বয়সী এই তরুণ কিভাবে পলাতক হাসিনার সংস্পর্শে এলেন, আর কিভাবেই বা ওই অনুষ্ঠানের উপস্থাপক হলেন, সেটি নিয়ে সাতক্ষীরা জেলা ব্যাপী চলছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়।
গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করে। ভারত সরকার এই বক্তব্যের অনুমতি দেওয়ায় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এমন একটি বিতর্কিত আয়োজনের উপস্থাপক হিসেবে হাজির হন সাতক্ষীরার ওই তরুণ। তবে তার বিষয়ে স্থানীয় পুলিশের কাছে কোনো তথ্য নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে অরিনের নাম–পরিচয় ছড়িয়ে পড়ার পর তার বাড়িসংলগ্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাতক্ষীরা সদর থানার পাশে শহরের মুনজিতপুর লিচুতলা এলাকায় তার বাড়ি। অরিনের প্রতিবেশী ও স্থানীয় মুদি দোকানি শাহজাহান বলেন, অরিন নামের ছেলেটাকে অনেক দিন ধরে দেখি না। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে শেষবার তাকে দেখেছি। এরপর আর দেখিনি। শুনেছি, সে ভারতে পড়াশোনা করে। তার বাবা–মা অবশ্য বাড়িতেই থাকেন।
পাশের আরেক দোকানিকে নয়াদিল্লির অনুষ্ঠানের একটি ছবি দেখানো হলে ছবিতে থাকা তরুণকে তিনি অরিন হিসেবে শনাক্ত করেন। তার ভাষায়, এ তো অরিন ! এ– তো বড় নেতা হয়ে গেছে দেখছি। একেবারে সাবেক মন্ত্রীদের পাশে বসে আছে। অরিনের বাবা আবু সোয়েব এবেল জানান, তার ছেলে যে রাজনীতি করে সেটি তিনি জানেন না। আগে কখনো তাকে রাজনীতি করতে দেখেনি। তবে, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন নিউজের ছবিতে দেখেছি যে সে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে উপস্থাপনা করেছে। এদিকে, শেখ হাসিনার অনুষ্ঠানের উপস্থাপক অরিনকে ঘিরে সাতক্ষীরায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
স্থানীয় সূত্র ও পারিবারিক পরিচয় অনুযায়ী, আবু ওবাইদাহ অরিন সাতক্ষীরা সদর থানার পাশের মুনজিতপুর লিচুতলা এলাকার বাসিন্দা এবং জাহান প্রেসের মালিক আবু সোয়েব এবেলের বড় ছেলে। লেখাপড়ার জন্য তিনি ভারতে থাকেন। স্থানীয় রাজনৈতিক মহলে এবেলের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির ঘনিষ্ঠতার আলোচনা রয়েছে। এছাড়া সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বিভিন্ন মামলায় কারাগারে অন্তরীণ লায়লা পারভীন সেঁজুতি ব্যবসায়ী এবেলের স্ত্রীর ননদ। একই সাথে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক এক নেতার সঙ্গেও পারিবারিকভাবে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
তবে, শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানের উপস্থাপক অরিনের বিষয়ে পুলিশ এখনো অন্ধকারে। একটি বহুল আলোচিত ও বিতর্কিত ঘটনার সাথে স্থানীয় ওই তরুণ যুক্ত থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তারা আগে থেকে অবগত নন। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন বলে তিনি জানান।

ডেস্ক রিপোর্ট 





















