বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া ও স্বেচ্ছায় পদত্যাগ করা ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। রবিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণের কারণে সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের মোট ৩৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন—১ নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩ নং ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু, ৫ নং ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী, রুহেনা বেগম মুক্তা, অ্যাড. জহুরা জেসমিন, কামরুন নাহার পিন্নি এবং ২নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থসহ আরও অনেকে ছিলেন বহিষ্কৃতদের তালিকায়।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। তিনিও আবেদন করার পর পুনরায় দলে ফিরেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট নেতাদের আন্তরিক অনুশোচনা ও ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।