ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের শিকার হয়েছে। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রে জানা যায়, রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রকৌশলী ইকবাল আহমেদ একটি জনসংযোগ থেকে ফিরছিলেন। গৌরীপুর পাট বাজারে পৌঁছালে মনোনয়নবঞ্চিত বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইয়েবুর রহমান হীরনের সমর্থকরা তার গাড়ির বহরে হামলা চালায়। এর ফলে ঘণ্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

প্রকৌশলী ইকবাল আহমেদ অভিযোগ করেছেন, হীরনের তিন ভাইয়ের নেতৃত্বে তার গাড়ির বহরে হামলা চালানো হয় এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে হামলাকারীদের প্রতিহত করা হয়েছে।

অভিযুক্ত হীরনের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে হীরনের ছোট ভাই ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ জানান, বিকেলে তাদের নারী সমাবেশ চলছিল। এসময় ইকবালের লোকজন সমাবেশে হামলা চালায় এবং তা পণ্ড করে দেয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কিরণ দাবি করেন, এসময় বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম জানান, “উভয়পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। আজ তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”