ইরানকে উপহাস করতে গিয়ে নিজের পোস্টে ‘আলহামদুলিল্লাহ’ শব্দগুচ্ছ ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে দাবি করেন, মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে দেশটির অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও ইরান ও হরমুজ প্রণালি নিয়ে এক পোস্টে একই শব্দ ব্যবহার করেছিলেন ট্রাম্প।
বুধবার (১০ জুন) নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের বন্দরগুলো কার্যত অবরুদ্ধ। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো কিছু সেখানে প্রবেশ বা বের হতে পারছে না। তিনি এটিকে নৌ-ইতিহাসের অন্যতম সফল অবরোধ বলে উল্লেখ করেন এবং পোস্টের শেষে আরবি শব্দগুচ্ছ ‘আল্লাহর প্রশংসা’ ব্যবহার করেন, যা নতুন করে আলোচনা তৈরি করেছে।
এদিকে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান আলোচনার সুযোগ নষ্ট করেছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক বাহিনীকে বিশৃঙ্খল বলে মন্তব্য করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে। অপরদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















