জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর সুপার মার্কেটের সামনে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে তবে ফল প্রকাশের পরে। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই ভোট চুরি করেছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, সেটা ভোটের ফল প্রকাশের আগে। জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে, সেটা দিনের আলোতে ফল প্রকাশের পর হয়েছে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত। এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলার সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানবিরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরানের সঞ্চালনায় এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ অংশ নেন এনসিপি নেতারা। জেলা শহরের মফিজ প্লাজার সামনে থেকে শুরু হয়ে পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।

ডেস্ক রিপোর্ট 


















