চুয়ান্ন বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাশ করে চমক দেখালেন এক চিকিৎসক ছেলের বাবা আলী আকবর। তিনি জিপিএ-৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আলী আকবর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে।
জানা গেছে, তিনি রাজশাহীর নওহাটা সাইন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুলের কারিগরি শাখার বিল্ডিং মেইনটেনেন্স ট্রেড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আলী আকবর জানান, তিনি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে তখন তিনি পড়ালেখা করতে পারেননি। পরে তিনি বিয়ে করেন এবং তাদের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে জন্মলাভ করে। ছেলেমেয়ে বড় হলে তাদের পড়ালেখা করাতে আর্থিক অনটন শুরু হলে একটি বেসরকারি হাসপাতালে কর্মচারী পদে চাকরি নেন এবং সেই উপার্জন থেকে ছেলেকে মেডিকেল কলেজে এবং মেয়েকে নার্সিং কলেজে পড়ালেখা করান।
তিনি বলেন, বর্তমানে ছেলে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা এবং সরকারি হাসপাতালের চিকিৎসক। পুত্রবধূও একই ক্যাডারের একজন কর্মকর্তা এবং চিকিৎসক। অন্যদিকে মেয়ে নার্স। সন্তানদের প্রতিষ্ঠিত করে জীবনের শেষ মুহূর্তে এসে আবারও নিজের পড়ালেখা করার ইচ্ছা হয়। পরে নতুন করে কারিগরি শাখায় ভর্তি হয়ে এবার এসএসসি পাশ করেছি।
আলী আকবর আরও বলেন, পড়ালেখার জন্য বয়স কোনো বাধা নয়, ইচ্ছাশক্তি আর মনোবল এবং অধ্যবসায় সাফল্য এনে দিতে পারে।
এ ব্যাপারে ছেলে ডা. ইসমাইল হোসেন বলেন, বাবা মাঝে-মধ্যেই পড়ালেখার ইচ্ছা প্রকাশ করতেন। তার এই ইচ্ছার কারণে তাকে ভর্তি করানো হয়। বাবার এই সাফল্যে তিনি খুব খুশি। তিনি এরপর এইচএসসিতেও ভর্তি করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিবেন বলে জানান।

ডেস্ক রিপোর্ট 


















