প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সোমবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন। একই সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত রয়েছে। ঐ দিন আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী মো. শাহিনুর ইসলাম জেরা চালাবেন।
এর আগে গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয় মামলায় অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে এসব মামলায় আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।
চলতি বছরের জানুয়ারিতে দুদক পৃথক ছয় মামলায় অভিযোগ করে যে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং সড়কে ৬টি প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছিলেন।
মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















