আগামীকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে গণসমাবেশের মাধ্যমে আন্দোলনের পঞ্চম পর্ব চালাবে আট দলীয় যুগপৎ আন্দোলন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আজ সোমবার পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেন, “হাজার হাজার নয়, লাখ লাখ মানুষের অংশগ্রহণ আশা করি। রাজধানী ও আশপাশের মানুষ এতে যুক্ত হবে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু রাজধানী ও আশপাশের জনবল নিয়ে সমাবেশ করছি। এতে সরকার যদি বুঝতে পারে, আশা করি বড় ধরনের মতামত উঠে আসবে।” হামিদুর রহমান আযাদ জানান, আন্দোলনটি কোনো জোট নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম।
বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “তারা আমাদের ডাকের সাড়া দেবে না বলেছে। আমরা বলেছি, ডাকলে আমরা অবশ্যই সাড়া দেব। আলোচনা এবং আন্দোলন দুইই অব্যাহত থাকবে।”
তিনি জনগণের দুর্ভোগ এড়িয়ে চলার জন্য কর্মসূচির সময় দুপুর ২টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে বলে জানান। এছাড়া ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়ে তিনি বলেন, সনদ নিয়ে নয়, সনদ বাস্তবায়নের পদ্ধতিতে সমস্যা তৈরি হয়েছে। তিনি সংবিধান অনুযায়ী গণভোট এবং নির্বাচনের প্রশ্ন তুলে বর্তমান সরকারের বৈধতার বিষয়েও আলোচনা করেন।

ডেস্ক রিপোর্ট 

























