এম আর সাইফুল, জামালপুর প্রতিনিধি:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরি না পেয়ে ক্ষোভে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা। তবে দলীয় নিয়ম অনুযায়ী তারা কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেননি বলে দাবি করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করেন। ২০২২ সাল থেকে দায়িত্বে থাকা ইবনে হাসান পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন। অন্যদিকে ২০০৯ সাল থেকে দলের সাথে যুক্ত সহসভাপতি মেহেদী হাসান রিংকু কর্মীদের অবমূল্যায়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে মেহেদী হাসান রিংকু বলেন, “দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। কিন্তু বর্তমানে কর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং কাজ করার পরিবেশ না থাকায় আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।”
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল জানান- বিষয়টি সম্পর্কে তারা খোঁজ নিচ্ছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র পাননি।
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন- “ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তারা ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগ পত্র জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

ডেস্ক রিপোর্ট 


















