ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, তারা যে ৩৬টি ইশতেহার প্রকাশ করেছে, তার অনেকগুলো ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও পাঁচ গুণ বেশি কাজ করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, মূলত তারা নীতিগত কাজের দিকে গুরুত্ব দিচ্ছে, যাতে কেউ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মেয়েদের কমনরুম এবং লাইব্রেরির সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে ইনসাফ।
সাদিক কায়েম আরও বলেন, ‘ফ্যাসিবাদের সময়ে মসজিদ ও মেয়েদের কমনরুম সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেখানে সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করা হবে। খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে।’
তিনি শেষে যোগ করেন, ‘আমরা মূলত নীতিগত জায়গায় কাজ করছি, যাতে ভবিষ্যতে কেউ বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে। এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

