বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছিল, মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় ফখরুল বলেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”
বিবৃতিতে ফখরুল বলেন, “আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের বা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।”
তিনি দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে আহ্বান জানান যে, গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের কারণে বিভ্রান্ত হবেন না।

ডেস্ক রিপোর্ট 

























