এবারের বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। টরেন্টো স্টেডিয়ামে আসরের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে তারা। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে বিশ্বকাপের দুইটি আসরে (১৯৮৬ ও ২০২২) অংশ নিয়ে ছয়টি ম্যাচ খেললেও কখনও জয়ের দেখা পায়নি কানাডা। স্বাগতিক হিসেবে এবার সেই খরা কাটাতে চাইবে দলটি।
মূলত, ফিফা র্যাংকিংয়ে কাগজে-কলমে বিশ্ব ফুটবলের শীর্ষ পরাশক্তি না হলেও প্রতিভার কমতি নেই কানাডার। সেইসাথে ঘরের মাঠ আর দর্শকদের উন্মাদনাকে পুঁজি করে ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা। দলটির মূল ভরসা তারকা উইঙ্গার আলফনসো ডেভিস।
অপরদিকে, ছেড়ে কথা বলবে না বসনিয়াও। ইতালি আর ওয়েলসের মতো জায়ান্টদের টপকে বিশ্বমঞ্চে আসা দলটি চেনা ছন্দে রুখে দিতে পারে যেকোনো প্রতিপক্ষকে। এর আগে একবার (২০১৪) বিশ্বকাপের মূলপর্বে খেলেছে বসনিয়া। সেবার ইরানকে হারিয়েছিল তারা।
আলফনসো ডেভিসের গতি বনাম বসনিয়ান ফরোয়ার্ড এদিন জেকোর অভিজ্ঞতার এক দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ডেস্ক রিপোর্ট 


















