সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ, ক্রেতার ঘুষিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী হোসেন উপজেলার বিবিরাই পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিবিরাই বাজারে ব্যবসা করতেন। অভিযুক্ত শাহিনুর রহমান একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডিজেল কিনতে আলী হোসেনের দোকানে যান শাহিনুর রহমান। এ সময় আগের বকেয়া টাকা চাইলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, শাহিনুরের ঘুষিতে আলী হোসেনের নাকে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।