দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাইফুলকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরই মধ্যে সিদ্ধান্তটি কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সাইফুল ইসলামের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বাসায় এক নারীর সঙ্গে সাইফুলকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ ওঠে। ওই নারী সোনাগাজীর এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট নারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 






















