যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি প্রকাশ্যে অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) পদত্যাগপত্রে স্ট্রিটিং জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তার আর আস্থা নেই। বর্তমান পরিস্থিতিতে মন্ত্রিসভায় থাকা তার কাছে ‘নীতিগতভাবে অসম্ভব’ এবং ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ইতোমধ্যে অন্তত ৯০ জন লেবার এমপি স্টারমারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন। এই বিদ্রোহের মধ্যেই স্ট্রিটিং হলেন প্রথম পূর্ণ মন্ত্রী, যিনি সরাসরি সরকার ছেড়ে বেরিয়ে গেলেন।
স্থানীয় নির্বাচন এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনে লেবারের বড় পরাজয়ের পর থেকেই দলীয় অস্থিরতা চরমে ওঠে। স্ট্রিটিং তাঁর পদত্যাগপত্রে বলেন, নির্বাচনের ফলাফল জাতীয়তাবাদীদের শক্তিশালী করেছে এবং যুক্তরাজ্যের ঐক্য ঝুঁকির মুখে পড়েছে।
তিনি আরও মন্তব্য করেন, ২০২৯ সালের সাধারণ নির্বাচনে স্টারমার আর লেবারকে নেতৃত্ব দেবেন না—এটি এখন অনেকটাই স্পষ্ট। দলকে সামনে এগিয়ে নিতে দ্রুত নতুন পরিকল্পনা ও নেতৃত্ব নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি।
এদিকে ডাউনিং স্ট্রিট এখন পর্যন্ত পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে স্টারমারের কার্যালয় আগেই জানিয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগের কোনো পরিকল্পনা করছেন না।
উল্লেখ্য, স্ট্রিটিং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এনএইচএস সংস্কারের দায়িত্বে ছিলেন। তার পদত্যাগের দিনই প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, গত মার্চ মাসে এনএইচএস-এ অপেক্ষমাণ রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার কমেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ মাসিক উন্নতি। সূত্র: বিবিসি

ডেস্ক রিপোর্ট 


















