ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে শারীরিক অসুস্থতার কারণে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) গভীর রাতে মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, মৃত নাবিকের মরদেহ দ্রুত ভারতে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিহত নাবিকের নাম নিশান্ত উইর্থানাথান (৩৫)। তিনি গত ১১ জুন মারা যান। তবে মৃত্যুর পর জাহাজে পর্যাপ্ত হিমাগার বা রেফ্রিজারেশনের ব্যবস্থা না থাকায় দুই দিনের বেশি সময় ধরে তাঁর মরদেহ জাহাজেই পড়ে ছিল বলে দাবি করেছে ‘ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অব ইন্ডিয়া’।
ইউনিয়নটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জানায়, তীব্র গরমে মরদেহ পচন থেকে রক্ষা করতে ক্রু সদস্যরা বোতলভর্তি ঠান্ডা পানি ব্যবহার করতে বাধ্য হন, যা অত্যন্ত উদ্বেগজনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।
বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে প্রায় তিন লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এর মধ্যে ১৮ হাজারেরও বেশি নাবিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাহাজে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ওমান উপকূলে একটি মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই এ মৃত্যুর ঘটনা ঘটল। ওই ঘটনার পর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিরোধী দলগুলো এর তীব্র সমালোচনা করে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো।
এর আগে ইরান-ইসরাইল সংঘাত ঘিরে মার্কিন হামলার পর ভারত যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক প্রতিবাদপত্র জমা দেয়, যা বিরল কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বেসামরিক বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী শক্তি ব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















