বাংলাদেশে তিনজন শেখ মুজিব আছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। বুধবার (১৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ড. মির্জা গালিব লেখেন, প্রথমজন হলেন মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি ১৯৭১ সালে মুক্তি সংগ্রামের নেতা ও বাংলাদেশের অন্যতম স্থপতি ছিলেন। দ্বিতীয়জন একনায়ক শেখ মুজিব, যিনি রক্ষীবাহিনী গঠন করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা, গণতন্ত্র হত্যা ও একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করেছিলেন। তৃতীয়জন হলেন ফ্যাসিস্ট শেখ মুজিব, যাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছরের ফ্যাসিস্ট শাসন চালিয়েছেন—যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ‘ফ্যাসিস্ট মুজিব’-এর প্রতীক হয়ে উঠেছে।

তিনি আরও লেখেন, “ছাত্র-জনতা আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, এই মূর্তি গুড়িয়ে দেওয়াই গণতন্ত্রকামীদের সঠিক রাজনৈতিক কর্তব্য।” পাশাপাশি একনায়ক শেখ মুজিবের পতন উদযাপনের কথাও উল্লেখ করেন তিনি।

আগস্টের ১৫ তারিখকে শেখ মুজিবের পরিবার ও অনুসারীদের জন্য সীমাহীন বেদনার দিন হিসেবে উল্লেখ করে ড. গালিব বলেন, “মুক্তিযুদ্ধের নায়ক কিভাবে একনায়কে রূপান্তরিত হয়ে ট্র্যাজিক পরিণতির দিকে অগ্রসর হলেন, সেই ইতিহাস চর্চা জরুরি। মিডিয়া ও সিভিল সোসাইটির এ ব্যর্থতাই হাসিনাকে ফ্যাসিস্ট শাসন কায়েমের সুযোগ দিয়েছে।”