আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের চিন্তা করছে সরকার। নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের চাপ কমানো এবং করমুক্ত আয়ের সীমা বর্তমানের সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ধীরে ধীরে ৪ লাখ টাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আগামী অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন নির্দেশনা দিয়েছেন। এনবিআর সূত্রে এ কথা জানা গেছে।
জানা গেছে, এতে মোটরসাইকেলের ক্ষেত্রে ১১১ থেকে ১২৫ সিসির জন্য বার্ষিক কর ১ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৩ হাজার টাকা ও ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ৫ হাজার টাকা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে (৩,৫০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা) অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। তবে ১,৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বিদ্যমান ২৫ হাজার টাকার অগ্রিম আয়কর অপরিবর্তিত থাকবে।
ব্যাটারিচালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা করছে এনবিআর। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার জন্য বছরে ৫ হাজার টাকা, পৌরসভা এলাকায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকায় ১ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে।
আগামী অর্থবছরের বাজেট হতে যাচ্ছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের চেয়ে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। জাতীয় সংসদে নতুন বাজেট পেশ করা হবে আগামী ১১ জুন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে অপ্রদর্শিত অর্থ ও বিশেষ বিনিয়োগ সুযোগ সম্পর্কিত বিধানগুলো নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী অর্থবছর থেকে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এ ছাড়া আগামী বাজেটে তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম বাড়তে পারে। এতে রাজস্ব বাড়বে এবং মানুষের ভোগ কমবে।

ডেস্ক রিপোর্ট 


















