চলমান লোডশেডিংয়ের মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ রয়েছে। ফলে ৫২৫ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র থেকে বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের একটি প্রায় পাঁচ বছর ধরে বন্ধ। অপর ইউনিটটি শুক্রবার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
এখন ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট সচল থাকলেও সেটিও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়েছে। সেটি দ্রুত সংস্কার করে পুনরায় উৎপাদনে ফেরানোর কাজ চলছে।
সংস্কারকাজ শেষ হলে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আবার চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 


















