মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমঘটিত একটি অভিযোগের তদন্তে আটক মাহিম নামের এক যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাহিম দড়িকান্দি এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক আলমাছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাহিমের সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করার পর তার স্বামীর পরিবারের এক সদস্যের মেসেঞ্জারে ছবি পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগটি তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন এসআই মো. ফারুক শেখকে দায়িত্ব দেন। পরে শুক্রবার রাতে ফারুক শেখের নেতৃত্বে পুলিশের একটি দল আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে মাহিমকে আটক করে।
পুলিশের দাবি, তাকে থানায় নেওয়ার সময় আন্ধারমানিক বাজার এলাকায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান মাহিম। এরপর তাকে ধরতে পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার প্রায় তিন ঘণ্টা পর মাহিমের বন্ধু, স্থানীয় বাসিন্দা এবং তার পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে খুঁজে বের করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
তবে মাহিমকে আটকের সময় তার হাতে হাতকড়া ছিল কি না, তা নিয়ে পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। এসআই মো. ফারুক শেখ বলেন, মাহিমকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। তখন তার হাতে হাতকড়া ছিল না। পরে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে মাহিমকে আদালতে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























