নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের লালপুর-বাগাতিপাড়া প্রতিনিধি সজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং লাঞ্ছনার ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক সজিবুল হৃদয় বলেন, ছাত্রদল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, তা ইতিবাচকভাবে দেখছেন তারা। ভবিষ্যতে দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে সাংবাদিক রাশিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, সাংবাদিক লাঞ্ছনার মতো ঘটনা ছাত্রদলের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ওই দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

ডেস্ক রিপোর্ট 























