পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারিংয়ের ছবি ও ভিডিও প্রকাশের পর বিষয়টি সামনে আসে।
ওই ফেসবুক পেজের পোস্টে দাবি করা হয়, মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের ব্যানারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান ও বক্তব্য লেখা ছিল।
পোস্টারিংয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একই সঙ্গে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
মঠবাড়িয়া শিবিরের সেক্রেটারি মো. আইয়ুব আলী বয়াতী অভিযোগ করেন, প্রকাশ্যে পোস্টার লাগানোর সাহস না থাকায় রাতের আঁধারে এমন কর্মকাণ্ড চালানো হয়েছে। প্রশাসনের তৎপরতার ঘাটতির সুযোগেই তারা এ ধরনের কার্যক্রম চালানোর সাহস পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রশাসনকে জানানো হয়েছে। নৈরাজ্য ঠেকাতে তারা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পোস্টার লাগানোর বিষয়টি পুলিশের নজরে এসেছে। ঘটনাটি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডেস্ক রিপোর্ট 






















