চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে শুক্রবার রাতে একটি স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৫৩ জন বিএনপি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
ওয়ার্ড বিএনপি'র সদ্য সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা। মাসুদ পারভেজ রাসেল যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান এবং বলেন, “আমাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, বরং মানুষের কল্যাণ ও সেবা। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং কোন মানুষ পিছিয়ে পড়বে না।”
তিনি আরও বলেন, “আজ যারা আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন, তারা আমাদের সহযোদ্ধা। নির্বাচনী এলাকার উন্নয়নে একসাথে কাজ করব।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম লিটন।

