এনসিপির বহিষ্কৃত কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ অভিযোগ করেছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের প্রভাব ও চাপের মুখে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

মুনতাসির দাবি করেন, এনসিপির কিছু নেতার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তিনি আগেও অভিযোগ তুলেছিলেন। এর জবাবে তাকে হঠাৎ করেই বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, এর আগেও দলের ভেতর অনিয়মের প্রতিবাদ করার কারণে অনেক যোগ্য কর্মীকে ‘মাইনাস’ করা হয়েছিল।

ব্যক্তিগত মানহানির অভিযোগ তুলে মুনতাসির বলেন, ‘আমি সমকামী নই— এ বিষয়টি দল স্পষ্টভাবে না বলায় আমাকে এবং আমার পরিবারকে অসম্মান ও বিব্রত হতে হয়েছে। আমার ছবি ব্যবহার করে যেভাবে ভুয়া সংবাদ ছড়ানো হয়েছে, তা আমার পরিবারকে সামাজিকভাবে বিপর্যস্ত করেছে।’

তিনি আরও দাবি করেন, উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম অন্যায়ভাবে তাকে চাকরি থেকে অপসারণ করেছেন এবং এ বিষয়ে তিনি প্রমাণ জমা দিলেও দল কোনো ব্যবস্থা নেয়নি। ‘মাহবুব প্রকাশ্যেই আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল, এবং পরে ক্ষমতার দাপটে সেটাই করেছে,’ বলেন মুনতাসির।

তার অভিযোগ, উপদেষ্টার নির্দেশে পুলিশ হামলা চালায়, যেখানে তিনি ও অন্যরা আহত হন। পরে দলের আহ্বায়কের অনুরোধে তিনি রেড ক্রিসেন্ট ভবন ছাড়লেও পরবর্তীতে তার প্রতি দলীয় আচরণ ছিল ‘বেইমানি’।

মুনতাসির দাবি করেন, উপদেষ্টার ভাইয়ের প্রভাবেই আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে কঠোর ভাষায় ধমক খেয়ে বহিষ্কার করেন। তিনি বলেন, প্রয়োজনে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ফোনালাপের অডিও প্রকাশ করতে তিনি প্রস্তুত।

শেষে তিনি অভিযোগ করেন, দল থেকে বহিষ্কার, চাকরিচ্যুতি, মানহানি, রাজনৈতিক ক্ষতি ও হত্যার হুমকির পরও তার কোনো বক্তব্য শুনতে দল আগ্রহ দেখায়নি। তার প্রশ্ন— “এ অবস্থায় আমার জায়গায় অন্য কেউ থাকলে কী করত?”